মাস্ক পরিধানে অনীহা কেন?

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:২৫

তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে সচেতনতা খুব কম। লকডাউন তুলে দেওয়ার পর থেকেই এই অবস্থা। মনে হচ্ছে যেন দেশে করোনা ভাইরাসের উপস্থিতি নেই। বিশেষ করে মাস্ক পরিধানে অনীহা লক্ষণীয়। ৫০ শতাংশ নিম্ন আয়ের ও অধশিক্ষিত মানুষ মাস্ক পরতে চায় না। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও মানুষ মাস্ক ছাড়াই মসজিদ-মন্দিরে যাচ্ছে। কাঁচাবাজারে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, ফুটপাতের পোশাক বিক্রেতা থেকে শুরু করে মুচি মাস্ক পরছে না। মাস্ক পরার কথা বললে, উত্তর আসে—গরিব-কর্মঠ মানুষের করোনা হয় না। জরিমানা করা হলেও জনসাধারণকে মাস্কের প্রতি উত্সাহী করা যাচ্ছে না। এ ব্যাপারে সচেতনতার কোনো বালাই নেই। ঘরে বসে সিস্টেমকে গালি দিচ্ছি। ফেসবুকে সচেতনতার পক্ষে স্টেটাস দিয়েই নিজেকে দায়মুক্ত রাখার চেষ্টা করছি। আমাদের এখনো সুযোগ রয়েছে করোনার দ্বিতীয় ওয়েভের আগে নিজেকে সচেতন করা। মাস্ক পরা অবশ্য কর্তব্য। বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়া। আমরা তিনবেলা খাবারকে যেভাবে আবশ্যকীয় মনে করি, তেমনিভাবে বাসা থেকে বের হওয়ার সময়  মাস্ক পরিধানও আবশ্যকীয় মনে করা।

তাসনিম হাসান মজুমদার

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ