আপাতত থাকছেন সেতিয়েন

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

যে কোনো প্রতিযোগিতায় ব্যর্থতার পর কোচের বরখাস্ত হওয়ার গুঞ্জন শেষ এক-দেড় বছরে বার্সেলোনায় নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লা লিগা হারানোর পরও কোচ কিকে সেতিয়েনের বরখাস্ত হওয়া নিয়ে উঠেছিল গুঞ্জন। তবে গতকাল সংবাদ সম্মেলনে সেসব উড়িয়ে দিয়েছেন বার্সা কোচ, জানিয়েছেন অন্তত চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত আছেন তিনি!

গত শুক্রবার সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর সঙ্গে আপতকালীন বৈঠকে ডাকা হয় সেতিয়েনকে। বৈঠক শেষে সেতিয়েন সাংবাদিকদের বলেন, ‘এমন বৈঠক সাধারণ ঘটনাই! আমাদের প্রধান ভাবনাটা হচ্ছে উন্নতি। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে এবং পরিস্থিতি বদলে দিতে হবে। এ আলোচনাই হয়েছে বৈঠকে।’ লিগে ওসাসুনার কাছে নিজেদের মাঠে হার, এরপর রিয়ালের লিগ জয়; দুয়ের মিশেলে খুব সহসাই চাকরি হারাচ্ছেন সেতিয়েন, এমন গুঞ্জন চাউর হয়েছিল স্প্যানিশ সংবাদ মাধ্যমে। তবে সেতিয়েন ইঙ্গিত দিলেন, চ্যাম্পিয়ন্স লিগেও থাকছেন তিনিই। বললেন, ‘ভবিষ্যতের জন্যে আশাবাদ নিয়ে তৈরি হওয়া আমাদের লক্ষ্য। প্রথমে শেষ লিগম্যাচ এরপর চ্যাম্পিয়ন্স লিগ। আমি আশা করি সেখানে অনেকগুলো ম্যাচই খেলব আমরা। খুবই আকর্ষণীয় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা উন্নতি সাধন করে চ্যাম্পিয়ন্স লিগটা জিততে চাই।’