খুব বড় সাফল্য নেই হয়তো, তবে বৈপ্লবিক চিন্তাভাবনার কারণে মার্সেলো বিয়েলসার নামডাক আছে ফুটবল বিশ্বে। ‘এল লোকো’ খ্যাত এই কোচের অধীনেই এবার ১৬ বছর বাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে এসেছে লিডস ইউনাইটেড। দুই বছর আগে দায়িত্ব যখন নিয়েছিলেন, দ্বিতীয় বিভাগেরও মধ্যম সারির দল ছিল লিডস। সেখান থেকে প্রথম মৌসুমেই তুলে এনেছিলেন টেবিলের শীর্ষে, শেষ দিকে খেই না হারালে হয়তো এ মৌসুমেই শীর্ষ স্তরে দেখা যেত বিয়েলসার লিডসকে। তবে ধারাবাহিকতা ধরে রেখে এ মৌসুমের শুরু থেকেই টেবিলের শীর্ষে ছিল লিডস। এবার আর কোনো ছন্দপতন নয়, দুই ম্যাচ হাতে রেখে ৫ পয়েন্টে এগিয়ে গিয়ে প্রিমিয়ার লিগ নিশ্চিত করে দলটি।
