ইয়াবার চালান আসছে মোটরসাইকেলে

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৩২

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তি

পিনাকি দাসগুপ্ত

করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে বিশেষ করে লকডাউনের সময় ইয়াবা কারবার কিছুটা ‘ভাটা’ পড়েছিল। কিন্তু লকডাউন তুলে দেওয়ার পর এখন প্রতিদিন ইয়াবার চালান আসছে ঢাকায়। আর এ চালান বহনের কাজটি করা হচ্ছে মোটরসাইকেলযোগে। সরাসরি কক্সবাজার থেকে ঢাকায় বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে ইয়াবার চালান। এতে যুক্ত রয়েছে কক্সবাজার ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বেশ কয়েকটি গ্রুপ। পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে ইয়াবা বহনকারী ইমজান উদ্দিন হূদয় ও নাজিম উদ্দিন । ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানাপুলিশ শুক্রবার নগরীর দক্ষিণ মাতুয়াইল শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট এলাকা থেকে তাদের ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে। কদমতলী থানাপুলিশ গতকাল তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ ব্যাপারে কদমতলী থানার ওসি মো. জামাল উদ্দিন মীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই ইমজান উদ্দিন হূদয় ও নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তারা চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল। গ্রেফতারকৃতদের দুই জনের বাড়িই চট্টগ্রামের সাতকানিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা ইয়াবা বহনের সঙ্গে যুক্ত হয়। এর আগেও কয়েক দফায় ইয়াবার চালান ঢাকাসহ বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছে। ৮ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট গন্তব্যে পৌঁছে দেওয়ার বিনিময় তারা পেত দুই লাখ টাকা। আটককৃত ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কথা ছিল পুরান ঢাকার চকবাজার এলাকায়।

মহানগর পুলিশের প্রাপ্ত তথ্যে দেখা যায়, দেশব্যাপী লকডাউন উঠে যাওয়ার পর থেকে রাজধানীতে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান প্রায়ই ধরা পড়েছে। মহানগর পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করে ১৮ হাজার ৭৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮৯ গ্রাম হেরোইন, ১ কেজি ৯৫৬ গ্রাম গাঁজা ও ৫৫ বোতল ফেনসিডিল। গত বুধবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাড্ডা এলাকা থেকে ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করে। ১১ জুলাই উত্তরা থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করে এক জনকে । জব্দ করা হয় ইয়াবা বহনের কাজ ব্যবহূত একটি মোটরসাইকেল। ১০ জুলাই লালবাগ থেকে গোয়েন্দা পুলিশ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে এক মাদক কারবারিকে। ৮ জুলাই মতিঝিল থেকে গোয়েন্দা পুলিশ দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে এক জনকে। ১ জুলাই মহানগর গোয়েন্দা পুলিশ সবুজবাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে দুই জনকে । এ ব্যাপারে ডিবি ?গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বলেন, গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।