করোনা রোগীদের ডিএসসিসি মেয়য়ের ফল উপহার

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫০

ওয়ারী লকডাউন

ইত্তেফাক রিপোর্ট

ওয়ারীর লকডাউনকৃত এলাকায় করোনা রোগীদের বাসায় বাসায় পৌঁছে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপহার ফলের ঝুঁড়ি। ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআরের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের বাসায় বাসায় এই উপহার পৌঁছে দিচ্ছে। আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম এই আট ধরনের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে। উল্লেখ্য, গত ৪ জুলাই ভোর থেকে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সবমিলিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ৭৭ জন রোগী রয়েছেন। তার মধ্যে গতকাল ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহারসামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়েছে। বাকি রোগীদের বাসায় আজ রবিবার উপহারসামগ্রী পাঠানো হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।