ধামরাই (ঢাকা) সংবাদদাতা
করোনাকালে ঢাকা-আরিচা মহসড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ নানা সেবা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও তদারকি করে গোলড়া হাইওয়ে পুলিশ। তাদের কর্তব্যপরায়ণতার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘এসডিআই’ গোলড়া হাইওয়ে পুলিশের সব সদস্যকে নিরাপত্তা চশমা উপহার দিয়েছে। গতকাল ধামরাইয়ের সূতিপাড়া বাসস্ট্যান্ডে গোলড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলামের কাছে সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের পক্ষে প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল হোসেন, ধামরাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু বকর হাজারীকে সঙ্গে নিয়ে সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এসব চশমা ও অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
