আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে গার্মেন্টস শ্রমিক শিল্পী আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আড়াইহাজারের সুলপানদী গ্রামের হযরত আলীর ছেলে আউয়াল ও ধষেরচর মনোহরদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে হান্নান।
আড়াইহাজার থানার এসআই শামীম হোসেন জানান, নিহত শিল্পী আক্তারের স্বামী সুমন মিয়াও বছর দেড়েক আগে হত্যাকাণ্ডের শিকার হন। তারপর আর শিল্পী বিয়ে করেন নি। তবে একই গ্রামের নাছিরের ছেলে রিপন মিয়ার সঙ্গে ছয়-সাত মাস ধরে পরকীয়া চলে আসছিল তার। এই অবৈধ সম্পর্ক গত ১৫ মে রাতে এলাকাবাসীর কাছে ফাঁস হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে শিল্পীর শ্বশুরবাড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ করে শিল্পীকে তার পিতার হাতে তুলে দেন। এর পর থেকে শ্বশুর বাড়ির সঙ্গে তার যোগাযোগ নেই। নিহতের এক ছেলেও এক মেয়ে রয়েছে।
তিনি আরো জানান, রিপনের সঙ্গে শিল্পীর ঝগড়ার সূত্র ধরে শিল্পীর শ্বশুর বাড়ির লোকজনকে ফাঁসাতে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, পরকীয়ার জের ধরে শিল্পী ও রিপনের অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলার পর শিল্পীর ছোট চাচা শ্বশুরের ছেলে ফাহিম তিন মাস আগে নিখোঁজ হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এই ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই রাতে সিএনজি অটোরিকশায় করে শিল্পীর শ্বশুর বাড়ির সামনে কে বা কারা একটি লাশ ফেলে যায়। পরে এলাকাবাসী সেটা শিল্পীর লাশ বলে শনাক্ত করে।
