দেশের সিংহভাগ উন্নয়ন এরশাদ আমলে —জি এম কাদের

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দিন যত অতিবাহিত হবে, জনগণ এরশাদের অবদানের কথা বেশি করে স্মরণ করবে। এরশাদ ঘুমন্ত বাংলাকে উন্নয়নচাবুক মেরে জাগ্রত করেছিলেন। জাপার শাসনামলে দলীয়করণ ছিল না, মেধাকে মূল্যায়ন করা হতো। স্বাধীনতার পর এদেশে যত উন্নয়ন তার সিংহভাগই হয়েছে এরশাদের শাসনামলে। এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ৩০০ ফিট কাঞ্চন রূপগঞ্জে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন মীর আনোয়ার হোসেন।

জি এম কাদের বলেন, এরশাদ উপজেলা পরিষদ সৃষ্টি করে শহরের সেবা তৃণমূলে পৌঁছে দিয়েছেন। বিচারব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে উপজেলা পর্যায়ে মুন্সেফ কোর্ট এবং বড় বড় শহরে হাইকোর্টের বেঞ্চ গঠন করেন। ওষুধনীতি করে বাংলাদেশের ওষুধশিল্পের বিকাশে অবদান রাখেন। স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ। স্মরণসভা শেষে এরশাদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এদিকে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা জাপার উদ্যোগে গতকাল স্থানীয় চুনকুটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জি এম কাদের।