জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ
ইত্তেফাক রিপোর্ট
আগামী ২৫ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস খাতের শ্রমিকদের এ মাসের মূল মজুরির সমান ঈদ বোনাস ও চলতি জুলাই মাসের বেতন পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। একই সঙ্গে কারখানায় শ্রমিক ছাঁটাই ও লে-অফ (সাময়িক বন্ধ ঘোষণা) বন্ধ করার দাবিও জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ঐ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।
এর আগে গত সপ্তাহে শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আগামী ২৫ জুলাইয়ের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার করোনা পরিস্থিতির শুরুতেই শ্রমিকদের বেতন পরিশোধের জন্য সহজশর্তে নামমাত্র সুদে ৫ হাজার কোটি টাকা গার্মেন্টস মালিকদের প্রদান করে। শ্রমিকদের চাকরিচ্যুত ও কারখানা লে-অফ করা হবে না মর্মে আশ্বাস দিলেও টাকা নেওয়ার পরে লক্ষাধিক শ্রমিককে চাকরিচ্যুত ও বেশকিছু কারখানা বন্ধ হয়েছে। আইনানুগ পাওনা দেওয়া হচ্ছে না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরি সভাপতি কাজী মো. রুহুল আমিন, সাবেক কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, সফিকুল ইসলাম পাংখা, ড্রাগন সোয়েটারের নেতা আব্দুল কুদ্দুস, ফকির নিটওয়্যারের নেতা মনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
