অধিভুক্ত কিছু কলেজে স্টুডিও বানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫৪

সিনেটে ৫৫৭ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন

ইত্তেফাক রিপোর্ট

করোনার মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় অধিভুক্ত কিছু কলেজে স্টুডিও বানাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে করোনা পরবর্তী সময়েও এ স্টুডিও থেকে অনলাইনে পাঠদান অব্যাহত রাখা যায়। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তৃতায় এ ঘোষণা দেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনলাইনে অনুষ্ঠিত অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ ২০২০-২০২১ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৫৬ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকার বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক অনুমোদিত হয়।

উপাচার্য বলেন, আমরা বেশ কিছু কলেজকে আধুনিক তথ্যপ্রযুক্তি দ্বারা সজ্জিত করে স্টুডিও প্রতিষ্ঠা করব। কারোনাকালীন পরিস্থিতির অবসান হলেও তথ্যপ্রযুক্তির মাধ্যমে পাঠদান অব্যাহত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিচালন ব্যবস্থায় এটা হবে একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি আরো বলেন, করোনা আজ বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটি এখন মানব জাতির অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ দাঁড়িয়েছে। এর পরও আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বর্তমান পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

এ অধিবেশনে ঝুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, অ্যারোমা দত্ত এমপি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমদ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির প্রমুখ।