‘করোনায় ছদ্ম বেকারত্ব বাড়বে’

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবা খাত। এই খাতগুলোর সম্পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারলে এ ক্ষতি কমানো সম্ভব হবে। করোনা ভাইরাস মহামারির কারণে যে বেকারত্ব সৃষ্টি হয়েছে তাদের কর্মসংস্থানের সৃষ্টির জন্য গ্রামের অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো চালু রাখতে হবে এবং সরকারকে বেকারত্ব দূরীকরণের জন্য এক বছরমেয়াদি প্রকল্প নিতে হবে। বর্তমানে অর্থনীতিতে ছদ্ম বেকারত্ব বাড়বে। তাই বর্তমান বাজেটের অতিরিক্ত বরাদ্দ কর্মসংস্থান তৈরিতে ব্যয় করতে হবে।

গতকাল শনিবার ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অরগানাইজেশান কর্তৃক আয়োজিত, বাংলাদেশের দারিদ্র্য ও বেকারত্বের ওপর করোনার প্রভাব বিষয়ে ওয়েবইনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা ও মূল পেপার উপস্থাপন করেন ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের গবেষণা সহযোগী হেলাল আহম্মেদ জনি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি অধ্যাপক এবং সেন্টার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেনেবিলিটি (সিডিইএস) পরিচালক ড. আসাদুল ইসলাম, অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক ড. এ কে এম মুক্তারুল ওয়াদুদ, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, বিশিষ্ট ব্যাংকার ও লেখক মো. মাজেদুল হক প্রমুখ।