অগ্নিসংযোগের সন্দেহে
তদন্ত শুরু
বিবিসি
ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর নঁতের সেইন্ট পিয়েরে অ্যান্ড সেইন্ট পল ক্যাথেড্রালে শনিবার আগুন লাগার পর কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত কীভাবে তাত্ক্ষণিকভাবে তা জানা না গেলেও, অগ্নিসংযোগের সন্দেহে একটি তদন্ত শুরু হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল পৌনে আটটার দিকে দমকল কর্মীরা ১৫ শতকের ক্যাথেড্রালটিতে আগুন লাগার খবর পান। প্যারিসের বিখ্যাত নঁতর দাম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছরের কিছু বেশি সময় পর নঁতের এ ক্যাথেড্রালটিতে আগুন লাগল। গত বছরের ঐ অগ্নিকাণ্ডে নঁতর দাম ক্যাথেড্রালের ছাদ ও সবচেয়ে উঁচু মিনারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ফুটেজে নঁতের ক্যাথেড্রালটিতে আগুন ও এর ঐতিহ্যবাহী ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি এলসিআই ২৪ নিউজ নেটওয়ার্ককে জানান, সকালে ‘আশ্চর্য ঘণ্টাধ্বনি’ শুনে জেগে ওঠার পরপরই তিনি ক্যাথেড্রালটিতে আগুন দেখতে পান। তার বাড়ি ক্যাথেড্রালের কাছেই।
নঁতের এ ক্যাথেড্রালে অবশ্য এবারই প্রথম আগুন লাগেনি বলে জানিয়েছে বিবিসি। ১৯৭২ সালের এক অগ্নিকাণ্ডেও ভবনটির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেবার ক্যাথেড্রালটি ঠিকঠাক করে ফের চালু করতে সময় লেগেছিল তিন বছর। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর বোমাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল ক্যাথেড্রালটির ।
