ইত্তেফাক ডেস্ক
যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে স্থানীয় সরকারগুলোর সঙ্গে বিরোধ চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বিভিন্ন শহরে বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করেছেন। কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরের বিক্ষোভ থেকে কিছু বিক্ষোভকারীকে আটকের ঘটনায় ক্ষেপেছেন পোর্টল্যান্ড শহরের মেয়র টেড হুইলার। তিনি সৈন্য ফিরিয়ে নিয়ে নিজের ভবনে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে স্কুল খোলার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে অ্যারিজোনা রাজ্যে। খবর আলজাজিরা ও রয়টার্সের
স্থানীয় সময় শুক্রবার মেয়র টেড হুইলার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনার সৈন্য আপনার ভবনে রাখুন। আমাদের শহর থেকে ফিরিয়ে নিয়ে যান। তিনি বিক্ষোভকারীদের নির্বিচারে এবং শক্তি প্রয়োগের ঘটনাকে ফেডারেল আইনের চূড়ান্ত লঙ্ঘন বলেও উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায়, পোশাক পরা থাকলেও ব্যাজ না থাকা সৈন্যরা নির্বিচারে বিক্ষোভকারীদের গ্রেফতার করছেন। কেউ কেউ এটাকে অপহরণ বলেও উল্লেখ করেছেন। এদিকে অ্যারিজোনা রাজ্যে স্কুল খুলে দেওয়ার প্রতিবাদ চলছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিক্ষোভে নেমেছেন। তারা বিক্ষোভ দেখাচ্ছেন গাড়ি নিয়ে। গাড়ির জানালায় লেখা আছে, যেখানে প্রতি চার জনে একজন কোভিড-১৯ এ আক্রান্ত সেখানে স্কুল খুলে দেওয়া হয় কীভাবে? তারা বলেছেন, মানুষকে বাঁচাতেই তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই স্কুল খোলার হুমকি দিচ্ছেন। এমনকি তিনি মাস্ক পরাটা বাধ্যতামূলক করতেও নারাজ। তিনি মনে করেন, সাময়িক সময়ের জন্য মাস্ক পরতে হলেও বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। তিনি নিজেও এক সময় মাস্কই পরতেন না। কিন্তু এখন মাস্ক পরা শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
