ঈদে সীমিত পরিসরে ট্রেন চলবে, টিকিট অনলাইনে :রেলমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০০:২৪

বিশেষ প্রতিনিধি

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পবিত্র ইদুল-আজহায়ও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে। কোরবানির ঈদে মানুষকে বাড়ি না ফিরতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে এবারের ঈদ উদ্যাপন করুন। ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না। গতকাল শনিবার সকালে গাজীপুর-ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের উন্নীতকরণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রেলপথমন্ত্রী বলেন, গরু-ছাগল পরিবহনের জন্য অ্যানিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, তবে ব্যবসায়ীদের কাছ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।

এদিকে ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফরম উঁচু করা হবে। টিকিট ছাড়া যেন যাত্রীরা স্টেশনে ঢুকতে না পারে সেজন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করা হবে।  এজন্য বেড়া দেওয়ার প্রকল্পের কাজ চলছে। প্রতিবার ঈদ এলেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেয় রেল কর্তৃপক্ষ। কিন্তু এবার নেই কোনো রকম প্রস্তুতি। শারীরিক দূরত্ব বজায় রেখে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন যেভাবে এখন চলছে ঈদেও সেভাবেই চলবে।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন,  জয়দেবপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়াজাহান, রেলের পূর্বাঞ্চলের জিএম সরদার শাহাদাত আলী, রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) আতিকুর রহমান প্রমুখ।