ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পাঁচ দোকানকে জরিমানা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০০:২৪

ইত্তেফাক রিপোর্ট

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মিটফোর্ডের পাঁচটি ওষুধের দোকানের মালিক ও ম্যানেজারকে কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো মিজান মেডিক্যাল হল, সেবা মেডিক্যাল এজেন্সি, মেডিচেইন সার্জিক্যাল, জামাল মেডিসিন, সিমন ড্রাগ হাউজ ও রিপন মেডিসিন হাউজ। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু জানান, ভেজাল ওষুধ রাখার দায়ে মিজান মেডিক্যালের মালিক মিজানুর রহমানকে দুই বছরের জেল, সেবা মেডিক্যাল এজেন্সির ম্যানেজার নুরুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল, মেডিচেইন সার্জিক্যালের হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল, জামাল মেডিসিনের বাহার উল্লাহকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল, সিমন ড্রাগসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল ও রিপন মেডিসিন হাউজের আরিফ হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়।