ইত্তেফাক রিপোর্ট
মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় ঔষধাগারের তিন কর্মকর্তাকে আজ দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই তিন কর্মকর্তা হলেন কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক মেডিক্যাল অফিসার (চিফ কোঅডিনেটর) ডা. জিয়াউল হক এবং (মজুত ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান। গত ১২ জুলাই দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত এক তলবি নোটিশের মাধ্যমে আজ সোমবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়।
দুদকের তলবি নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিত্সার নিমিত্তে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাত্পূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
