নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্ট থেকে গত ৪৫ কার্যদিবসে জামিন পেয়েছেন ৬০ হাজার ৪০৭ জন হাজতি আসামি। রবিবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
জামিনপ্রাপ্তরা হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন প্রকৃতির ফৌজদারি মামলার আসামি। এদিকে গত দশ কার্যদিবসে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ৪০ হাজার ৯৮৬ জন আসামি। ১১ হাজার ৯০৭টি মামলায় এসব আসামিরা আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি নিয়ে চীফ জুডিশিয়াল ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা তাদের জামিন মঞ্জুর করেন। এ সময়ে কারাগারে পাঠানো হয়েছে ১ হাজার ১৭৪ জনকে।
গত ৫ জুলাই সুপ্রিম কোর্ট এক বিজ্ঞপ্তিতে ফৌজদারি মামলার আসামিদের ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণের সুযোগ দেয়। করোনার কারণে দীর্ঘ চার মাস ধরে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার সুযোগ বন্ধ ছিলো। বিচার প্রার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধান বিচারপতি এই সুযোগ দেন। এরপরই গত ১০ কার্যদিবসে প্রায় সাড়ে ৪১ হাজার আসামি আত্মসমর্পণ করে নিয়মিত আদালত থেকে জামিন পান।
এদিকে সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, আটটি বিভাগের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চীফ জুডিশিয়াল ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৪৫ কার্যদিবসে এক লাখ ২০ হাজার ৯০৪টি জামিনের আবেদন দাখিল হয়েছে। দাখিলকৃত এসব আবেদন নিষ্পত্তি করে জামিন দেওয়া হয়েছে ৬০ হাজার ৪০৭ জন আসামিকে। জামিন প্রাপ্তদের অধিকাংশই কারামুক্তি পেয়েছেন।
এদিকে একইসময়ে ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬৯৮ জন। জামিন প্রাপ্তদের মধ্য থেকে ৬৮৫ শিশুকে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময়ে বিভিন্ন অপরাধের মামলায় ৪০৩ শিশুকে উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বর্তমানে তিন কেন্দ্রে অবস্থান করছে ৮৪০ জন শিশু।
ইত্তেফাক/আরএ
