স্পোর্টস ডেস্ক
সুরক্ষাবিধি বিষয়ক নিয়ম ভঙ্গ করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর তিন ঘণ্টা আগে দল থেকে ছিটকে পড়েন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। তবে আর্চারের পাশে দাঁড়াতে ভুল করেননি বেন স্টোকস। আর্চারের এমন কাণ্ডে চলছে সমালোচনা, চলছে তার প্রতি সহানুভূতিও। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোলডিং তো ইসিবির প্রটোকল নিয়ে প্রশ্ন তুলেছেন। ইংল্যান্ড জাতীয় দলের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্পিনার অ্যাশলে জাইলসও আর্চারের সমালোচনা করেছেন। তিনি বলেন, আর্চার কাজটি ঠিক করেনি। তার ভুলের জন্য আমাদের সব আয়োজন ভেস্তে যেত। বোর্ডকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো। তবে আর্চারের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সিরিজের প্রথম টেস্টে অধিনায়কত্ব করা বেন স্টোকস। পুরো দলকে আর্চারের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
স্টোকস বলেন, ‘আমাদের সবার উচিত আর্চারের পাশে দাঁড়ানো ও তাকে সমর্থন দেওয়া। সে ভুল করে এখন আলোচনার কেন্দ্রে আছে। তাই সে চাপে পড়েছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, সে যেন চাপে না পড়ে। দলের জন্য সবচেয়ে ভুল কাজ হবে যদি আরো পাঁচ বা ছয় দিন পর তার সঙ্গে দেখা করি এবং তাকে একা করে দেওয়া হয়। তাকে একা করা যাবে না। তাকে সবসময়ই আমাদের উত্সাহ দিতে হবে।’
আর্চারের খারাপ সময়ে তার পাশে থাকতে চান স্টোকস। তিনি বলেন,‘যখন সবকিছু ভালো যায় তখন মানুষও পাশে থাকে। কিন্তু যখন কারো খারাপ সময় যায়, তখন তার সহায়তার দরকার হয়। তখনই পাশে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই তার পাশে থাকব।’ টিম বাসে সব খেলোয়াড় একত্রে ভ্রমণ করাটা ঝুঁকিপূর্ণ হওয়ায়, ক্রিকেটারদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের পরামর্শ দেয় ইসিবি। কিন্তু আর্চার সেখানেই ঝামেলাটা করেন। প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটন থেকে দ্বিতীয় টেস্টের স্টেডিয়াম ম্যানচেস্টার আসার পথে ব্রাইটনে নিজের বাসায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দলে যোগ দেন আর্চার।
