খ্যাতনামা সাবেক আম্পায়ার স্টিভ বাকনারের সেই ২০০৮ সালের এক ভুল আজো তাকে তাড়া করে। ১২৮টি টেস্ট ও ১৮১ ওয়ানডে পরিচালনা শেষে ২০০৯ সালের মার্চে অবসর নেন বাকনার। তার সেই আলোচিত ভুল ২০০৮ সালে অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্টে। সাবেক এই আম্পায়ার ফিরে তাকালেন এক যুগ আগের সেই ম্যাচে। তিনি বলেন, ‘২০০৮ সালের সিডনি টেস্টে আমি দুটি ভুল করেছিলাম। প্রথম ভুল, ভারত যখন ভালো খেলছিল, আমার সৌজন্যে অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল। দ্বিতীয় ভুলে পঞ্চম দিনে হয়তো ভারতকে খেসারত দিতে হয়েছিল ম্যাচ হেরে। তারপরও, পাঁচ দিনে কেবল দুটিই তো ভুল। এক টেস্টে দুটি ভুল করা প্রথম আম্পায়ার কি আমিই? অথচ ঐ দুটি ভুল যেন এখনো আমাকে তাড়া করে বেড়ায়।’
