সাকিবের বাবা করোনায় আক্রান্ত

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:৪২

বিডি নিউজ

ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে মাশরুর রেজাসহ মাগুরার আরো আট জনের করোনা ভাইরাস পরীক্ষার প্রতিবেদন এসেছে বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন।

তিনি বলেন, মাশরুর রেজা মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে। মাশরুর রেজা কৃষি ব্যাংকের মাগুরা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা। প্রতিবেদন পাওয়ার পর দুপুরে তার বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ পর্যন্ত মাগুরায় মোট ৩০৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছে ১৬০ জন। আর মারা গেছেন সাত জন।