এবার আর্সেনালে কুপোকাত ম্যান সিটিও

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:৪৪

আর্সেনাল ২

ম্যান সিটি ০

 স্পোর্টস  ডেস্ক

প্রিমিয়ার লিগজয়ী লিভারপুলকে ধরাশায়ী করার সপ্তাহ না পেরোতেই আরেক দৈত্যবধ আর্সেনালের। এবার মঞ্চ এফএ কাপ সেমিফাইনাল, প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলকে ২-০ গোলে হারিয়ে ২০১৭ সালের পর প্রথম শিরোপার একধাপ দূরে চলে এসেছে গানাররা।

এফএ কাপের শেষ চারের সূচি প্রকাশের পর থেকেই রোমাঞ্চ ছড়াচ্ছিল গুরু গার্দিওলার সঙ্গে শিষ্য মিকেল আর্তেতার লড়াই। সিটিতে প্রায় তিন বছর গার্দিওলার সাহচর্য পাওয়ার অভিজ্ঞতা থেকেই হয়তো আর্সেনাল কোচ জানতেন, বল দখলের লড়াইয়ে হারানো যাবে না সিটিকে। শনিবার রাতের লড়াইয়ে তাই শুরু থেকেই প্রতি-আক্রমণনির্ভর ছিল আর্সেনালের কৌশল। তারই সূত্র ধরে ১৯ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং। অপরদিকে বলের দখল রেখে আক্রমণের মন্ত্রে সিটি সমতা ফেরানোর কাছাকাছি চলে গিয়েছিল বার দুয়েক। তবে রিয়াদ মাহরেজের শট রুখেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দেওয়ালে, এরপর কেভিন ডি ব্রুইনের শট গেছে পোস্ট ঘেঁষে  বেরিয়ে।

উলটো ৭১ মিনিটে কিয়েরান টিয়ের্নির লম্বা বল থেকে ঠান্ডা মাথায় আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করে সিটির বিদায়ঘণ্টা বাজিয়ে দেন অবামেয়াং। ফলে ২০১৭ সালের পর আবারও এফএ কাপের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। সিটির বিপক্ষে সুযোগ খুব একটা আসবে না সেটা জানতেন আর্তেতা। তাই দলকে বার্তা দিয়ে রেখেছিলেন সূক্ষ্মতম সুযোগগুলোকেও যেন কাজে লাগান হয়। সেটা হওয়াতেই এসেছে এ জয়, জানালেন সাবেক আর্সেনাল অধিনায়ক। বললেন, ‘যখন আপনি এমন দলের বিপক্ষে খেলবেন তখন নিজের সেরাটাই দিতে হবে আর সুযোগ পেলেই কাজে লাগানর মনোবৃত্তি থাকতে হবে।’

তিনি আরো যোগ করেন, দলীয় রসায়নও বড় নিয়ামক ছিল  শেষ এক সপ্তাহে লিভারপুল আর সিটির বিপক্ষে অবিস্মরণীয় দুটো জয়ের। আর্সেনাল কোচের ভাষ্য, ‘খেলোয়াড়দের মধ্যে রসায়নটা দুর্দান্ত। আর তারা নিজেদের কর্মপন্থার ওপর বিশ্বাসটা রেখেই মাঠে নামে।’ তবে সিটি কোচ গার্দিওলার মতে, আর্সেনালের দুটো জয়ে রক্ষণের ভূমিকা অনস্বীকার্য। স্প্যানিশ কোচের মূল্যায়ন, ‘তারা খুব ভালোভাবে রক্ষণকাজটা সামলেছে। এটা লিভারপুলের বিপক্ষেও করেছিল তারা, তাই ব্যাপারটা আমাদের অনুমিতই ছিল। কিন্তু আমরা সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারিনি।’ এমন পোক্ত রক্ষণ ভাঙতে পর্যাপ্ত গতিই ছিল না সিটির, অভিমত গার্দিওলার। বললেন, ‘আমরা খুব ধীরলয়ে শুরু করেছিলাম আর যেভাবে খেলা অনুচিত, তেমন ভাবেই  খেলছিলাম।’

এমন পারফরম্যান্স চলতে থাকলে চ্যাম্পিয়ন্স লিগেও যে আশা নেই তা মানতে দ্বিধা নেই গার্দিওলার। সিটি কোচের কথা, ‘আমরা নিজেদের মানে খেলতে পারিনি। রিয়ালের বিপক্ষে জিততে হলে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করতে হবে, আর এটা বুঝতে খুব বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই মোটেও!’