আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনার এই বৈশ্বিক মহামারিতেও বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত। গতকাল রবিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক অনলাইন ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী দেশে ও বিদেশে তা আবারও প্রমাণিত হলো। মিথ্যাচারের ঢোলক বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই তাদের রাজনীতি।’
বিএনপির এক নেতার ইতালিতে দেশবিরোধী বক্তব্যে প্রবাসীরা বিক্ষুব্ধ হয়েছেন জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ইতালি বিএনপির সাবেক সভাপতি দেশের গণমাধ্যমকে দেওয়া দেশবিরোধী অসত্য বক্তব্যে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী এ বিএনপি নেতা সাক্ষাত্কারে বলেছেন, দেশে নাকি ১০ লাখ লোক আক্রান্ত। কোনো চিকিত্সা নেই। ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে। যারা ইতালি যাচ্ছে তাদের সবার কাছে নাকি ভুয়া রিপোর্ট আছে।’ ওবায়দুল কাদের বলেন, লাখ লাখ প্রবাসীকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেওয়া, এমন অসত্য তথ্য দেওয়ায় ওখানকার প্রবাসীরা ক্ষুব্ধ। বিএনপি নেতার ভিডিও ইতালির লেগা নর্দ দলের নেতা মাতেও সালভিনি তার ফেসবুকে শেয়ার করেছেন বলে এক রিপোর্টে প্রকাশিত হয়েছে।’ বাংলাদেশি নাগরিকদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশ ভ্রমণের পূর্বে সরকার নির্ধারিত ষোলোটি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে। ওবায়দুল কাদের দরিদ্রদের বিনা মূল্যে নমুনা পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, করোনার অভিঘাতে অনেক মানুষ এখনো কর্মহীন অসহায়। তিনি বেসরকারি ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও মাদ্রাসার পরিচালনা সংশ্লিষ্টদের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা অব্যাহত রাখার আহ্বান জানান।
