তবুও সংবাদ পাঠ চালিয়ে গেলেন তিনি

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২৩:১৩

মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন প্রয়োজন হয় মাথা ঠাণ্ডা রাখার। সেটা করতে না পারলে অনেক সময়ই বিব্রতকর এবং ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয় মানুষকে। এ দিন নিজের মাথা ঠাণ্ডা রেখে সেই কথাই প্রমাণ করলেন ইউক্রেনের টেলিভিশন সংবাদ পাঠিকা মারিচকা পাদালকো। সরাসরি প্রচারিত সংবাদ পাঠের সময় দুর্ঘটনাবশত মুখ থেকে দাঁত খুলে বের হয়ে আসে ঐ সংবাদ পাঠিকার। কিন্তু সেই দুর্ঘটনাকে বেশ স্বাভাবিকভাবেই সামাল দিয়ে সংবাদ পাঠ চালিয়ে গেছেন তিনি।

ঐ ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাটাই বড় কথা। বিশ্বাস করুন আমি ভেবেছিলাম ব্যাপারটা কেউ ধরতে পারেনি। টিভি চ্যানেল তাদের প্রথা মাফিক প্রথমে তার ঐ সংবাদ পাঠের ভিডিও ইউটিউবে পোস্ট করতে চায়নি। কিন্তু মিস পাদালকো বলেন, এই ঘটনা দেখে দর্শকরা যে পরিমাণ সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন তাতে আমি অভিভূত।

মিস পাদালকো জানিয়েছেন বছর দশেক আগে এক দুর্ঘটনায় তার সামনের দাঁতটা দুর্বল হয়ে যায়। তার মেয়ে ধাতুর তৈরি একটি ঘড়ি ঘোরানোর সময় হঠাত্ সেটি তার দাঁতে এসে লাগে। দাঁতটা সারানোর জন্য ডাক্তারের কাছে যাওয়া আর হয়ে ওঠেনি বলে জানান পাদালকো।-বিবিসি