নতুন সাজে ধানমন্ডি লেক

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:১৩

রাজধানীবাসীর অন্যতম বিনোদনের স্থান ধানমন্ডি লেক। মানুষের দূষণ ও পরিচর্যার অভাবে প্রাণ হারাতে বসেছিল লেকটি। কিন্তু করোনায় মানুষের বাড়তি দূষণ কমে যাওয়া ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে আবার প্রাণ ফিরে পাচ্ছে লেকটি। পালটে যাচ্ছে লেকের সার্বিক চিত্র। লেকের স্বচ্ছ পানিতে ফুটেছে লাল শাপলা। এতে মোহনীয় রূপে সেজেছে লেক। মানুষের মুখে মুখে এখন লেকের সৌন্দর্যের গুণগান। তাই সকাল থেকে সন্ধা পর্যন্ত ধীরে ধীরে আবার মানুষের ভিড়ও বাড়ছে।

ইট-পাথরের এই শহরে রাজধানীবাসী প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ছুটে আসেন এখানে। শাহবাগ থেকে বিকালে লেকে ঘুরতে এসেছেন মিজানুর রহমান। তিনি জানান, কয়েক বছরেও লেকের এমন সৌন্দর্য কেউ দেখেনি। যেমন লেকের আশেপাশের গাছ-গাছালি সবুজ হয়ে উঠেছে। তেমনি লেকের পানিতে লাল শাপলা বাড়িয়ে দিয়েছে লেকের সৌন্দর্য। সাবিনা আক্তার নামে আরেক দর্শনার্থী জানান, লেকের পানি আগে ছিল অপরিষ্কার কিন্তু এখন দূষণ কমে যাওয়ায় পানি স্বচ্ছ হতে শুরু করেছে। মানুষ সচেতন হলে এই পরিবেশ সবসময় থাকবে।

স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রকল্পের আওতায় লেকের পানি থেকে ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে আগের মতো লেকের পানির স্বচ্ছতা ফিরিয়ে আনতে। যার কারণে পানিতে হাঁস ছাড়া হচ্ছে। মাছ পালনের পাশাপাশি লেকেরপাড় বাঁধাই করা হচ্ছে। ওয়াকওয়ে নির্মাণসহ সামগ্রিক উন্নয়ন করা হচ্ছে।

তিনি আরো জানান, লেক উন্নয়নের জন্য বড় ধরনের বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। সেটি অনুমোদন পেলে লেক নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। বিশেষ করে লেকের মাঝখানে হাতিরঝিলের মতো পানির ফোয়ারা তৈরি করার জন্য ব্যবস্থা করা হবে।

এছাড়া তার নিজস্ব অর্থায়নে প্রায় ৪০ জন পরিছন্নতাকর্মী লেকসহ পুরো ধানমন্ডি এলাকায় পরিষ্কার পরিছন্নতা বজায় রাখছে বলে জানান তিনি।

তাছাড়া লেকের পাড়ে যাতে কেউ ময়লা আবর্জনা ফেলতে না পারে এবং মলমূত্র ত্যাগ করতে না পারে সে জন্য তদারকি করা ছাড়াও বাঁশের বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওয়ার্কওয়েতে স্বাছন্দ্যে হাঁটার জন্য এরইমধ্যে টাইলস দিয়ে বাঁধাই করা হয়েছে। পরিবেশ সুন্দর রাখার স্বার্থে লেকের পানিতে চিপসের প্যাকেট, বাদামের খোসা, পানির বোতল ও অন্যান্য আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।