আকাশপথে ভ্রমণচাহিদা কমায় ২৫ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে আমেরিকান এয়ারলাইনস। আগামী অক্টোবরের মধ্যে এটি বাস্তবায়ন হতে পারে। দেশটিতে করোনা সংক্রমণের হার কমার আশা করা হলেও বাস্তবে তা হচ্ছে না। ফলে এ সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে কোম্পানিটিকে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকান এয়ারলাইনসের শীর্ষ নির্বাহীরা বুধবার বলেছেন, সাময়িক ছাঁটাইয়ের সংখ্যা কম হবে যদি সর্বোচ্চ দুই বছর নাগাদ আংশিক বেতনসহ ছুটিতে যান। কর্মীদের কাছে পাঠানো চিঠিতে কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ হার বৃদ্ধি এবং বেশ কয়েকটি দেশ ফের বিধিনিষেধ আরোপের ফলে আকাশপথে ভ্রমণের চাহিদা কমছে। মার্চের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি নাগাদ আকাশপথে ভ্রমণ ৯৫ শতাংশ কমেছিল। তার পর থেকে জুলাইয়ের শুরু নাগাদ আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়লেও বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের সংক্রমণের হার বৃদ্ধিতে চাহিদায় প্রভাব পড়ছে।
