ঈদুল আজহা উপলক্ষ্যে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:৩৭

ভিড় না থাকায় এবং টিকিট পেয়ে খুশি যাত্রীরা

বরিশাল অফিস

ঈদুল আজহা উপলক্ষ্যে রবিবার ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের অগ্রিম কেবিনের টিকিট বুকিং শুরু হয়েছে। চাইলেই পাওয়া যাচ্ছে টিকিট, কিন্তু নেই কোনো ভিড়। ফলে যাত্রীরা এবার বেজায় খুশি।

সুন্দরবন নেভিগেশন, বরিশালের ম্যানেজার, মো. জাকির হোসেন জানান, করোনার কারণে এবার ঘরমুখো যাত্রীদের টিকিট নিতে আগ্রহ কম। রবিবার সকাল ১০টা থেকে বরিশাল নগরীর লঞ্চ কাউন্টারগুলোতে একযোগে শুরু হয় এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। এবার কোনো লঞ্চ কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো বুকিং স্লিপ জমা নিয়ে লটারির ব্যবস্থা করেনি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে। আর তাও চাইলেই পাওয়া যাচ্ছে লঞ্চের অগ্রিম কেবিনের টিকিট। লঞ্চ কাউন্টারগুলো ফাঁকা ফাঁকা।  যাত্রীরা জানান, ঈদ উপলক্ষ্যে বুকিং দিতে এসেছিলেন। কিন্তু তাদের সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দেওয়া হয়েছে। আর এ কারণে তারা খুশি।

কীর্তনখোলা লঞ্চের বরিশালের ম্যানেজার মো. বেলাল হোসেন জানান, করোনার কারণে এবার যাত্রীদের ঈদে যাতায়াতের ইচ্ছে কম। আজ সোমবারও বেশি কয়েকটি লঞ্চ কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি করবে। অ্যাডভেঞ্চার লঞ্চ কোম্পানির ম্যানেজার হুমায়ুন কবির জানান, সোমবার তাদের বিলাসবহুল লঞ্চগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। উল্লেখ্য, ঈদ মৌসুমে ঢাকা-বরিশাল নৌপথে প্রায় ৩০টির মতো বেসরকারি লঞ্চ যাত্রী পরিবহন করে।