পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবিতে শনিবার বিকালে মাদকসেবীকে ধাওয়া করতে গিয়ে ছোট যমুনা নদীর পানিতে ডুবে র্যাবের সহকারী পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহেদুজ্জামান (৩৪)।
র্যাব জানায়, উপজেলার বড়মানিক ছোট যমুনা নদী এলাকায় কয়েক জন মাদকসেবী মাদক সেবন করছে এমন সংবাদে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। মাদকসেবীরা নদীতে ঝাঁপ দিলে র্যাব সদস্যরাও ধরার চেষ্টা করে এবং চার জন মাদকসেবীকে আটক করে। এ সময় টিম লিডার শাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে র্যাবের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। পরে নদীতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকসেবীকে ধরতে গিয়েই হয়তো নদীতে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।
