জাতীয় পার্টি-জেপির নেতা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেপির সাতক্ষীরা জেলা সভাপতি মহসিন হোসেন বাবলু গত শনিবার ভোররাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। রবিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
শোকবার্তায় জেপির নেতৃদ্বয় বলেন, মহসিন হোসেন বাবলু ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও রাজনৈতিক নেতা। যিনি সাতক্ষীরার সকল স্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তার সম্পাদনায় সাতক্ষীরা থেকে ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ প্রকাশিত হতো এবং সাতক্ষীরা প্রেসক্লাবের তিনি ছিলেন সাবেক সাভাপতি। তার ইন্তেকালে দেশ একজন সত্, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারাল। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানাই।
আরো শোক জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, সাবেক এমপি রুহুল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
