গাজীপুরে পরিবেশদূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২০ জুলাই ২০২০, ০১:০২

গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকায় পরিবেশদূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মণীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পূবাইলের মিরের বাজার এলাকার নইপাড়া রোডে মের্সাস হক এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ খাদ্য বস্তাবন্দি অবস্থায় দীর্ঘদিন ফেলে রাখে। পরে তা পচিয়ে মাছের খাদ্য হিসেবে বিক্রি করে। তাদের এই কার্যক্রমে পুরো আবাসিক এলাকার পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়ে।

এ অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।