মিশা ও জায়েদ বয়কটে শিল্পী সমিতির প্রতিবাদ

আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:২২

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়ায় উত্তাল পরিবেশ বিরাজ করছে। বয়কটের প্রতিবাদে এফডিসিতে ঐক্যের ডাক দিয়েছেন চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও তারকারা। রবিবার বিকেলে এফডিসির জহির রায়হান মিলনায়তনের প্রদর্শন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিংবদন্তী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ডিপজল, অঞ্জনা, মাসুম বাবুল, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আজিজ রেজা, আমির সিরাজী, ফরহাদ হোসেন, ইমদাদুল হক খোকন, আব্দুল আজিজ, আসিফ ইকবাল, মারুফ আকিব, শাহনূর প্রমুখ। মিশা বলেন, ‘আমরা চাই চলচ্চিত্রের উন্নয়ন। আমাদের শিল্পী সমিতির মূল কাজ শিল্পীদের স্বার্থ সংরক্ষণ। আমরা সবাইকে সম্মান করে কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখ একটাই, আমাকে বয়কট করা হলো। জায়েদের যদি কোনো অন্যায় থাকে, আমাদের লিখিত আকারে দিতেন। আমরা নিজেরা বসে সমস্যার সমাধান করতাম।’ জায়েদ খান বলেন, ‘‘আমি কী এমন করেছি যে, কারণে আমাকে হেয় করা হচ্ছে। এখানে অন্য কাউকে নয়, আমাদের দুজনকে (মিশা-জায়েদ) ছোট করা হচ্ছে। শিল্পীকে কেউ এভাবে বয়কট করতে পারেন না। কেন চলচ্চিত্র অঙ্গনকে তারা একটি সার্কাসে পরিণত করছেন।’