রাজশাহীতে একদিনে ১৪৩ করোনা রোগী শনাক্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:৫৯

রাজশাহীতে একদিনে ১৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত রবিবার (১৯ জুলাই) রাতে প্রকাশিত রাজশাহীর দু’টি ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তারা শনাক্ত হন। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) শনাক্ত হয়েছেন ৯৪ জন। আর হাসপাতালের ল্যাবে শনাক্ত হয়েছেন ৪৯ জন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রবিবার তাদের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জনের বাড়ি নগরীর বিভিন্ন এলাকায়। এছাড়া রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩ জন, চারঘাটের ১ জন, বাগমারার ১০ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালের ৮ জন, খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের ১ জন এবং রামেক হাসপাতালের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে রবিবার মোট ৯৫ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৪ জনই রাজশাহীর বাসিন্দা। অন্য একজনের বাড়ি নাটোর সদর উপজেলায়। রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, রবিবার তাদের ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৫টি করোনা পজিটিভ পাওয়া গেছে।
রাজশাহীর ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর নাটোরের ৫টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীর নতুন ৯৪ জন কোভিড-১৯ রোগীর মধ্যে পুঠিয়া উপজেলায় বাড়ি ৫ জনের। এছাড়া পবা উপজেলার ৯ জন, তানোরের ৬ জন ও মোহনপুরের ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ১১ জন, রাজশাহী মহানগরীর ৩১ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ জন এবং র‌্যাব-৫ এর একজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দুই ল্যাবে রাজশাহীতে নতুন ১৪৩ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে। রাজশাহীতে ইতোমধ্যে ৭২১ জন সুস্থ হয়েছেন। রবিবার পর্যন্ত এ জেলায় মারা গেছেন ১৮ জন।

ইত্তেফাক/এমআর