সোলেইমানিকে হত্যার দায়ে ইরানে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:১৭

ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার দায়ে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড গতকাল কার্যকর করেছে দেশটি। মাহমুদ মুসাভি মাজদ নামের ঐ ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরাইলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবিয়ের খবরে এ কথা বলা হয়েছে।—এনডিটিভি

বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, মাহমুদ মুসাভি ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং এর যে শাখার প্রধান ছিলেন কাসেম সোলেইমানি, সেই কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন। ঐদিন তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করা হলেও এ বিষয়ে বেশি কিছু জানায়নি ইরান। এর আগে, গত মাসে সোলেইমানির অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ায় মুসাভিকে মৃত্যুদণ্ড দেয় ইরানের একটি আদালত। গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলেইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরো পাঁচ জন। এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আরো চরম অবনতি হয়। সোলেইমানির মৃত্যুর পর গোটা ইরানে লাখ লাখ মানুষ এর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে। এক পর্যায়ে ইরান এর প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।