এএফপি
সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্ত ক্রসিংয়ের কাছে গাড়িবোমার বিস্ফোরণে কমপক্ষে সাত জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। মানবাধিকার-বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘রবিবার বাব আল-সালাম সীমান্ত ফাঁড়ির প্রবেশপথের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ জন বেসামরিক নাগরিকসহ সাত জন নিহত এবং ৬০ জনেরও বেশি লোক আহত হয়। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।’
তুর্কি সেনা ও তাদের মিত্র সিরীয় বাহিনী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের ঐ এলাকায় প্রায়শই হামলার ঘটনা ঘটছে। রবিবারের ঐ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করে পর্যবেক্ষণ সংস্থাটি বলেছে, এ অঞ্চলে আইএসের বিরুদ্ধে তুর্কি ও তাদের সমর্থিত বাহিনীর অভিযান জোরদার করার প্রতিশোধ নিতেই সম্ভবত এ হামলা চালানো হয়। এদিকে তুরস্কের সরকারি বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, বাব আল-সালামের কাছে আজাজ এলাকায় গাড়ি বোমার বিস্ফোরণে পাঁচ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। এ হামলার ঘটনায় কুর্দি ওয়াইপিজিকে দায়ী করা হচ্ছে।
