রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
মেঘনার ভাঙন থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার উপজেলা পরিষদের সামনে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কে ‘আলেকজান্ডার ইউনিয়ন রক্ষা মঞ্চ’ নামে একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে জনপ্রতিনিধি, রাজনীতিক-সামাজিক নেতা ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এতে বক্তব্য রাখেন আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মিনার উদ্দিন, মাহবুবুর রহমান রিপন পাটওয়ারী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বালুরচর, সুজনগ্রাম, জনতা বাজার ও মুন্সীরহাটসহ কয়েকটি এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
