তাড়াশে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:২৯

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় সোমবার সকালে ট্রাক চাপায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরো পাঁচ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের সহকারী টিম লিডার রেজাউল করিম। নিহতরা হচ্ছেন—ট্রাকের হেলপার ও শাহজাহাদপুর উপজেলার তালগাছি গ্রামের মানিক মিয়া (৩৬) ও তাড়াশের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন (৩৩)। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রড বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ঢ ৮১-২১৩৭) খালকুলা বাজার এলাকায় একটি নছিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে তা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম বলেন, একটি লাশ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অপর লাশটি পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।