সৈয়দপুরে হাটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:২৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

কোরবানির ঈদকে সামনে রেখে সৈয়দপুর ও আশপাশের হাটগুলোতে জমতে শুরু করেছে পশুর হাট। তবে হাটগুলোতে মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। তবে ব্যতিক্রম শুধু ঢেলাপীর হাট। এখানে সেনাবাহিনী সার্বিক তত্ত্বাবধানে ঢেলাপীর হাট পরিচালিত হওয়ায় ক্রেতা-বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। গত ৭ জুলাই এ হাটটি সেনাবাহিনী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করছেন। সৈয়দপুরের অদূরে তারাগঞ্জ, বিন্যাকুড়ি, রানীরবন্দর, বেনীরহাট, শাখামাছা ও  উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা যায়, হাটে গিজগিজ করছে পশু আর ক্রেতা-বিক্রেতা। দুই জন মানুষের দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়েছে পাঁচ জন। তাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। গরু বিক্রি করতে আসা আমিনুর রহমান (৫৮) বলেন, মাস্ক আছে তবে বাড়িতে। হাটে পশু কিনতে আসা আনিছুর ব্যাপারী  বলেন, হাটগুলো নিয়ে প্রশাসন যদি একটু সচেতন হতো, তাহলে কিছুটা হলেও মানুষ নিয়মনীতি মেনে চলত।