আটোয়ারীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা আটোয়ারীতে সোমবার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২-এর আওতায় এআইএফ-২-এর অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অফিসের সামনে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ উপস্থিত থেকে বলরামপুর সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের হাতে এই যন্ত্রপাতির চাবি হস্তান্তর করেন।
কুড়িগ্রামে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে সোমবার কুড়িগ্রাম স্বাস্থ্যবিভাগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু, প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ বি এম সারোয়ার-ই আলম জীবনের বাবা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আকবর হোসেন প্রমুখ।
‘দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ জেলা জনশক্তির ডেপুটি অ্যাসিসটেন্ট ডাইরেক্টর লেহাজউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ।
দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (আরডিএ) অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সোমবার স্মার্টফোন বিতরণ করা হয়েছে। করোনার কারণে চলমান পরিস্থিতিতে আরডিএ ল্যাব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে সরকারের নির্দেশনা অনুসারে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে। স্মার্টফোন না থাকায় কিছু মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে না পারায় তাদের স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্মার্টফোন দেওয়া হয়েছে।
পাটকল চালু রাখার দাবি
জয়পুরহাট প্রতিনিধি রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধের চক্রান্ত বন্ধ এবং পাটকল আধুনিকায়ন করে চালু রাখার দাবিতে সোমবার জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরে মিছিল শেষে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শহরের পাঁচুর মোড়ে এর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সমন্বয়ক মাহমুদুল করিম প্রমুখ।
অসচ্ছল কর্মচারীদের মধ্যে খাদ্য বিতরণ
নাটোর প্রতিনিধি নাটোর কালেক্টরেটের অবসরপ্রাপ্ত অসচ্ছল ১৬০ জন কর্মচারীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন নাটোর কালেক্টরেটের এসডিসি জাকির মুন্সী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতা মুনিমুল হক।
