স্পোর্টস ডেস্ক
লক্ষ্যটা কঠিনই ছিল। জিততে হলে ৮৫ ওভারে করতে হবে ৩১২ রান। পাল্লাটা ইংল্যান্ডেরই ভারী ছিল। আর স্টুয়ার্ট ব্রডের আগুনঝরানো পেস সেই পালে হাওয়া দেয়। যদিও নিজেদের দ্বিতীয় ইনিংসে দেরিতে হলেও কক্ষপথে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। পঞ্চম দিন চা বিরতির আগপর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করে উইন্ডিজ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার করার আগে ১২৯ রান তোলে ইংল্যান্ড। হারায় তিন উইকেট। এই সময় বেন স্টোকস প্রায় টি-টোয়েন্টি ঘরানায় ব্যাট চালান। ওপেনিংয়ে নেমে ৫৭ বল খেলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাতেই বড় লক্ষ্য নির্ধারণ সহজ হয় ইংল্যান্ডের। ক্যারিবিয়ানদের হয়ে কেমার রোচ নেন ২ উইকেট।
স্টোকসের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। এই সময়ের ক্রিকেটারদের মধ্যে টেস্টে এখন স্টোকসই সর্বোচ্চ সংখ্যক ছক্কার মালিক। তিনি হাঁকিয়েছেন ৭৪টি ছক্কা। দ্বিতীয় স্থানে থাকা টিম সাউদির টেস্ট ছক্কার সংখ্যা ৭২টি। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। মাত্র ৩৭ রানেই সাজঘরে চলে যান চার ব্যাটসম্যান। এদের মধ্যে ক্রেইগ ব্রেথওয়েট ১২ রান করলেও বাকি কেউই নিজেদের স্কোরকে দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ব্রড একাই নেন তিন উইকেট। এর পর সামারাহ ব্রুকস ও জারমেইন ব্ল্যাকউড জুটি বাঁধেন। এই জুটি ১০০ রান যোগ করে। তাতেই আবারও আশা ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজের। দুই ব্যাটসম্যানই পান হাফ সেঞ্চুরি।
