কোচিংয়ে ফিরলেন হাতুরুসিংহে

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা থেকে ‘বিতাড়িত’ হওয়ার পর ছিলেন চাকরিশূন্য। তবে, তার ইতি ঘটল। আবারও কোচিংয়ে ফিরলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহে। নিজের পুরনো ঠিকানা নিউ সাউথ ওয়েলস দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

২০১০ থেকে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ছিলেন হাতুরুসিংহে। সেই দায়িত্ব ছেড়ে ২০১৪ সালের জুনে দায়িত্ব নেন বাংলাদেশের। ২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।

পরে দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার। তবে তার শ্রীলঙ্কায় সময় সুখকর হয়নি। ২০১৯ বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে দলের বাজে পারফরম্যান্সের পর কয়েক মাস দলে নিষ্ক্রিয় করে রাখা হয় তাকে। পরে চলতি বছরের শুরুতে তার সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এখন আবার পুরোনো ঠিকানায় ফিরলেন তিনি। নিউ সাউথ ওয়েলসে হাতুরুসিংহে কাজ করবেন প্রধান কোচ ফিল জ্যাকস, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও স্পিন বোলিং কোচ অ্যান্থনি ক্লার্কের সঙ্গে। দায়িত্ব পেয়ে হাতুরুসিংহে বলেন, ‘আগের অভিজ্ঞতা বলে নিউ সাউথ ওয়েলস কাজ করার জন্য দারুণ জায়গা। আমি অস্ট্রেলিয়ান সংস্কৃতির সঙ্গে কাজ করাটা সব সময়ই পছন্দ করি। আশা করি, আমার আন্তর্জাতিক অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারব।’