অনুশীলনে ফিরে রোমাঞ্চিত নিউজিল্যান্ড

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপ নিউজিল্যান্ডে অন্য যেকোনো দেশের চেয়ে কম। ক্রিকেটারদের বড় একটা অংশের আনুষ্ঠানিক অনুশীলন তাই শুরু হয়ে গেল গতকাল। মাঠে ফিরতে পেরে রোমাঞ্চিত ব্ল্যাক ক্যাপরা।

করোনা ভাইরাসের প্রকোপে গত মার্চে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল নিউ জিল্যান্ডকে। এরপর স্থগিত হয়ে গেছে তাদের আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সফর, বাংলাদেশ সফর।

প্রকোপ কম থাকার পরও বাড়তি সতর্কতা হিসেবে দীর্ঘ সময় মাঠ থেকে দূরে রাখা হয়েছিল ক্রিকেটারদের। সম্প্রতি শুরু হয়েছে ফেরার প্রক্রিয়া। দেশের দক্ষিণাঞ্চলে থাকা ক্রিকেটারদের নিয়ে গত ১৩ জুলাই লিংকনে হয়েছে চার দিনের ক্যাম্প। এবার উত্তরাঞ্চলে আছেন যারা, তাদের নিয়ে ক্যাম্প শুরু হলো মাউন্ট মঙ্গানুইতে। টেইলরের সঙ্গে এখানে আছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা।

টেইলর, টিম সাইফার্টসহ নিউ জিল্যান্ডের পাঁচ ক্রিকেটার আগামী মাসে খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।