স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্বাস্থ্য বিভাগের নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে বসছে কোরবানির পশুর হাট। জানা গেছে, এই জেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও সংক্রমণ রোধে গত ১৫ জুলাই নারায়ণগঞ্জে পশুর হাট না বসাতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। তা উপেক্ষা করেই হাটের ইজারা সম্পন্ন হতে যাচ্ছে। সে অনুযায়ী জেলায় ৪৩টি পশুর হাট ইজারা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সিদ্ধিরগঞ্জে পাঁচটি ও বন্দরে দুটি পশুর হাটের ইজারাও দেওয়া হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় ১১টি পশুর হাট বসছে এবার।
গত ৮ মার্চ নারায়ণগঞ্জে প্রথম তিন জন করোনা রোগী শনাক্তের মাধ্যমে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। গতকাল পর্যন্ত এ জেলায় ৫ হাজার ৭৪১ জন করোনায় আক্রান্ত এবং ১২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যদিও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন, সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে একাধিক শর্তে সাতটি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। গত বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ২১টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছিল। করোনার কারণে এবার ২১টি থেকে সংখ্যা কমে এসেছে সাতটিতে। তবে সিটি করপোরেশনের মূল শহরে এবার কোনো পশুর হাট বসছে না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে চারটি, সদর অঞ্চলে একটি ও কদমরসুল অঞ্চলে দুটি হাটের অনুমতি দেওয়া হয়েছে। পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা ছাড়াও আরো গুরুত্বপূর্ণ সাতটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১১টি ও রূপগঞ্জ-সোনারগাঁও ও আড়াইহাজারে ১৫টি হাট বসবে। এবার সিদ্ধিরগঞ্জে ৫ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ বাজার রোডের পাশে, ৬ নম্বর ওয়ার্ড এসও রোড বটতলায়, ৮ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম টেক্সটাইল মিলস মাঠ, ৯ নম্বর ওয়ার্ডে জালকুড়ি টিসি রোডে, ১০ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীনারায়ণ কটন মিলস এলাকায় ও বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডে নবীগঞ্জ বাজারে এবং বন্দরে ২৭ নম্বর ওয়ার্ডে ফুলহরে বসবে পশুর হাট।
