চামড়া সংরক্ষণে পর্যাপ্ত লবণ সরবরাহের উদ্যোগ বিসিকের

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সুষ্ঠু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতা পর্যায়ে নিরবচ্ছিন্ন লবণ      সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ইতিমধ্যে বিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে কারখানা চালু রেখে লবণ প্রক্রিয়াজাত করে সরবরাহ অব্যাহত রাখতে লবণ মিলমালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি             বিভিন্ন জেলায় অবস্থিত ডিলার বা পাইকারি বিক্রেতা পর্যায়ে পর্যাপ্ত লবণ মজুত থাকার                বিষয়টি নিশ্চিত করতে বিসিকের জেলা কার্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।                   বিসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহাকেন্দ্রিক লবণ সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করতে লবণ জোনগুলোতে অবস্থিত বিসিক কার্যালয়, বিসিকের                  আঞ্চলিক কার্যালয় এবং প্রধান কার্যালয়ে পৃথক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এসব            কমিটি মাঠ পর্যায়ে লবণের মজুত, চলাচল ও মূল্যসংক্রান্ত তথ্যাদি নিয়মিত সংগ্রহ ও মনিটরিং করছে।