চট্টগ্রাম মহানগরী পুলিশের ১২ এসআইকে একসঙ্গে বদলি

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৫৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগরীতে সাদা পোশাকে এক এসআইয়ের অভিযানের ঘটনায় এক কিশোরের আত্মহত্যার পর  মহানগরী পুলিশের ১২ এসআইকে একযোগে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (সদর) আমীর জাফর জানান, এই বদলি সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা।

সিএমপি সূত্র জানায়, বদলি হওয়া এসআইদের মধ্যে সর্বাধিক ছয় জন দক্ষিণ বিভাগের। তারা হলেন—কোতোয়ালি থানার এসআই সজল কান্তি দাশ, তারিকুজ্জামান, সদরঘাট থানার এসআই তন্ময় ভট্টাচার্য্য, মোর্শেদ আলম, বাকলিয়া থানার এসআই এস এম জামাল উদ্দিন ও রেজোয়ানুল ইসলাম।

উত্তর বিভাগ জোনের বায়েজিদ বোস্তামী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম, পাঁচলাইশ থানার আব্দুল মোমিন, চান্দগাঁও থানার সালাউদ্দিন খান নোমান, পশ্চিম জোনের ডবলমুরিং থানার এসআই হাসানুজ্জামান রোমেল, হালিশহর থানার পলাশ চন্দ্র ঘোষ, পাহাড়তলী থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ।

গত রবিবার দেওয়া এক আদেশে দক্ষিণ বিভাগের সজল দাশ, তারিকুজ্জামান, তন্ময় ভট্টাচার্য্যকে উত্তর বিভাগে, রেজোয়ানুল ইসলামকে পশ্চিম জোনে ও জামাল উদ্দিনকে বন্দর বিভাগে বদলি করা হয়েছে। উত্তর ও পশ্চিম বিভাগের ছয় এসআইকে দক্ষিণ বিভাগে বদলির আদেশ দেওয়া হয়েছে। বদলি আদেশ পাওয়া এসআইরা সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে সংযুক্ত হওয়ার পর তাদের বিভিন্ন থানায় পদায়ন করবেন উপ-কমিশনার। 

গত ১৬ জুলাই রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মসজিদ গলিতে সোর্স নিয়ে সাদা পোশাকে অভিযানে যায় ডবলমুরিং থানা পুলিশের এসআই হেলাল। এ সময় স্কুলপড়ুয়া এক ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তাদের বাধা দেয় পরিবারের সদস্যরা। ঘটনার সময় মা ও বোন আহত হওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্কুলছাত্র সালমান ইসলাম মারুফ। এই ঘটনায় এলাকাবাসীর চাপের মুখে এসআই হেলালকে ক্লোজ করা হয়।