ঢাকা-খুলনা মহাসড়কে তিন
কিলোমিটার জট
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকার উপজেলা কোর্ট চত্বর সংলগ্ন পণ্য বোঝাই ট্রাক পরিমাপের জন্য স্থাপিত বিআইডব্লিউটিসির ওয়েট স্কেলের কম্পিউটারে যান্ত্রিক ত্রুটির কারণে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল ঘাট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত যানজটে চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসী ও পণ্যবাহী ট্রাকের শ্রমিকরা। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরাও পড়েন দুর্ভোগে।
জানা যায়, বিআইডব্লিউটিসির স্কেলটির দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ভাঙাচোরা ও স্কেলের কম্পিউটার মাঝে-মধ্যেই ত্রুটি দেখা যায়। তখন ওজন স্লিপ নিতে আসা ট্রাকগুলোকে চালান রসিদ হাতে লিখে দেওয়া হয়। এতে বেশি সময় লাগে। এ কারণে ঢাকা-খুলনা মহাসড়কে স্কেল এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ যানজটের কারণে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট বন্ধ হয়ে যায় এবং ছোট-বড় যানবাহন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে বাধ্য হয়। সরজমিনে দেখা যায়, স্কেলটির দুই পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙাচোরা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে ওজন নিতে আসা পণ্য বোঝাই ট্রাকগুলোকে অনেকটা জায়গা ঘুরে স্কেলে উঠতে হয়। যানজটের কারণে গোয়ালন্দ রেলগেটে দুর্ঘটনার ঝুঁকি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢোকার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়া জরুরি বিভাগের রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম জানান, ‘শহরের মধ্যে অপরিকল্পিতভাবে স্থাপিত ওয়েট স্কেলটি গোয়ালন্দবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়েট স্কেলের কারণে সৃষ্ট যানজটে মাত্র ৫ মিনিটের রাস্তা অতিক্রম করতে দীর্ঘ সময় আটকে থাকতে হয়।’ বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ‘স্কেলের দুই পাশের অ্যাপ্রোচ সড়কে দ্রুতই কাজ শুরু করা হবে। তাছাড়া কম্পিউটারে সাময়িক একটু সমস্যা হয়েছিল তা ঠিক করা হয়েছে। যানজটের বিষয়ে তিনি বলেন, ‘গোয়ালন্দ মোড় থেকে পুলিশ একযোগে ট্রাক ছেড়ে দেওয়ায় ওয়েট স্কেল এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।’
