কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে কোটি পিস ইয়াবার চালান লুটের ঘটনাসহ নানা অপরাধে অভিযুক্ত মিজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে কক্সবাজার শহরে মাঝিরঘাট এলাকার খুরুশকুল ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সদর থানা পুলিশ।
নিহত মিজান (৩২) কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার বাসিন্দা জেলা জজ আদালত কার্যালয়ের সাবেক কর্মচারী গোলাম মওলা বাবুল প্রকাশ জজ বাবুলের ছেলে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মাঝিরঘাট এলাকায় সাগর থেকে ফেরা একটি ফিশিং ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান লুটের পর মূল অভিযুক্ত মিজান কৌশলে পালিয়ে এতদিন ভারতে আত্মগোপনে ছিলেন। ১৭ জুলাই রাতে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ঢুকতে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। আটক মিজানকে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে তারা। রবিবার রাতে তাকে নিয়ে কক্সবাজার পৌঁছে সদর থানা পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে ইয়াবা উদ্ধার অভিযানে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলো মিজান।
