সাতক্ষীরায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৫৯

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা ও করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এক বৃদ্ধ ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টায় ও সোমবার সকাল পৌনে ৮টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের এনায়েত আলীর ছেলে মো. সামছুর রহমান (৭৫) এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোলাম কবীরের স্ত্রী মাহফুজা ছিদ্দিকী (৬৫)।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক ডা. ভবতোষ কুমার মণ্ডল জানান, গত ১৬ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সামছুর রহমান। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। রবিবার রাত ৯টার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার নমুনা রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে করোনা শনাক্ত হওয়ায় গত ১৩ জুলাই সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাহফুজা ছিদ্দিকী। সোমবার সকাল পৌনে ৮টার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।