ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এএসআই আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মামুন মিয়া (৩৫) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার ভোররাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র?্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। নিহত মামুন ঐ এলাকার মুছা মিয়ার ছেলে।
র?্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত এএসআই আমির হোসেনকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র?্যাবের একটি দল সদর উপজেলার চাঁনপুর বাজারে যায়। এ সময় র?্যাবের উপস্থিতি টের পেয়ে মামুন ও তার সহযোগিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র?্যাব সদস্যরা পালটা গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হয়। পরে তাকে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মামুনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মামুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং বাজারে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মামুনকে গ্রেফতার করতে গিয়ে তার ছুরিকাঘাতে মারা যান এএসআই আমির হোসেন।
