চিকিত্সকসহ অন্যদের ওপর হস্তক্ষেপ না করার আহ্বান বিপিএমসিএর

আপডেট : ২১ জুলাই ২০২০, ০০:১৮

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এক যুক্ত বিবৃতিতে বলেছেন, চিকিত্সক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে অযথা হয়রানি না করে অ্যাসোসিয়েশনভুক্ত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা দেশের প্রচলিত আইনের আওতায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবায় নিয়োজিত চিকিত্সকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অযাচিতভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে অ্যাসোসিয়েশন কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

তারা আরো বলেন, সরকারি-বেসরকারি খাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে দেশের হাজার হাজার করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করায় তাদের নতুন জীবন ফিরে পেয়েছে। দেশের সব হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। এখন তাদের চিকিত্সাসেবা নিশ্চিত করা আমাদের কাম্য। এসময় কোনো হয়রানি কাম্য নয়। এমতাবস্থায় করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাতকে ও সব কোভিড হাসপাতালগুলোকে সবার সহযোগিতা করার জন্য অ্যাসোসিয়েশন আহ্বান জানাচ্ছে।