সাধারণত জনাকীর্ণ স্থানে অত্যন্ত স্বল্প সময়ের জন্য, উদ্দেশ্যহীনভাবে একদল মানুষের বিনোদনমূলক কর্মকাণ্ডকে ফ্ল্যাশমব বলা হয়। তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা ফ্ল্যাশমবের জন্য অতি অল্প সময়ের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে আবার যে যার মতো আলাদা হয়ে যায়। এদিন এমনই এক ব্যতিক্রমী ফ্ল্যাশমবে যোগ দিয়েছিল ভারতের কর্নাটকের একটি হাসপাতালের বেশ কিছু করোনা রোগী।
হাসপাতালে চিকিত্সাধীন উপসর্গবিহীন এসব রোগী মুখে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই ফ্ল্যাশমবে যোগ দেয়। কর্নাটকের বেলারির গভর্নমেন্ট ডেন্টাল কলেজের আইসোলেশন সেন্টারে চিকিত্সাধীন রয়েছেন তারা। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন এসব করোনা পজিটিভ মানুষ মনকে চাঙ্গা করতে এবং ক্ষণিকের জন্য নিজেদের ব্যস্ত রাখতেই এই ফ্ল্যাশমবের আয়োজন করে। জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচা তাদের সেই সংক্ষিপ্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের সেই নাচের ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর ৬৬ হাজার বার দেখা হয়েছে আর ৪ হাজার লাইক পড়েছে।-এনডিটিভি
