আগামী ২৭ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস খাতের শ্রমিকদের উত্সব বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া ৩০ জুলাইয়ের মধ্যে চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করতে হবে। অন্য দিকে গার্মেন্টসের বাইরে অন্যান্য খাতের শ্রমিকদের চলতি মাসের পুরো বেতন ও ঈদ বোনাস ২৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। গতকাল সোমবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে এক সভায় এ ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এছাড়া সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে শ্রমিকদের ঈদের ছুটিও তিন দিন থাকবে। ছুটির সময়ে শ্রমিকদের নিজস্ব এলাকা ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় তৈরি পোশাক শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধি ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে এবং উত্পাদন স্বাভাবিক রাখতে কোনো শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের পরামর্শ দেন। সবার আন্তরিকতায় এই দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক রেজোয়ান সেলিম। সভা শেষে ইত্তেফাককে তিনি বলেন, আগামী ২৭ তারিখের মধ্যে বোনাস ও ৩০ তারিখের মধ্যে চলতি মাসের বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ দেওয়ার জন্য আমাদের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। অবশ্য চলতি মাসের বেতন পরিশোধ হওয়ার কথা পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব চায়না রহমান প্রমুখ।
